নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কিলার পিন্টুর বিরুদ্ধে অপহরণ মামলা, বান্ধবী সহ রিমান্ডে ২ জন

কিলার পিন্টুর বিরুদ্ধে অপহরন মামলা, বান্ধবী সহ রিমান্ডে ২ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বর্ণ ব্যবসায়ী প্রবীরকে হত্যাকারী পিন্টুর বিরুদ্ধে এবার আরেক বন্ধু স্বপন কুমার সাহা অপহরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (১৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানায় স্বপনের বড় ভাই অজিত কুমার সাহা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় পিন্টুর বান্ধবী রত্না রানী চক্রবর্তীকে প্রধান আসামী করে মোট চারজনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। অন্যান্য আসামীরা হলেন আব্দুল্লাহ আল মামুন, পিন্টু দেবনাথ ও তার সেই সহযোগী বাপন ভৌমিক।

এদিকে স্বপন কুমার সাহা অপহরণ মামলায় রত্না ও মামুনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আশেক ইমামের আদালতে আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করলে তিন দিনের  রিমান্ড মঞ্জুর করা হয়।  এরআগে রবিবার রাতে স্বপন কুমার সাহার ব্যবহৃত মোবাইল সহ মাসদাইর থেকে গ্রেপ্তার করা হয়েছে পিন্টুর বান্ধবী রত্না রানীকে। একই রাতে আমলাপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ আল মামুন নামের একজনকে। ধারণা করা হচ্ছে এই মামুনই পিন্টুর সেই বড় ভাই। যে কু-প্ররোচনার ইন্দন জুগিয়েছিলো প্রবীর হত্যার ঘটনায়।

উল্লেখ্য, প্রায় ২১ মাস আগে ১০ অক্টোবর ২০১৬ বিকেলে নিতাইগঞ্জের কাচারি গলির নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি স্বপন। স্বপন গুমের ঘটনায় তার বন্ধু পিন্টু দেবনাথের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

About the author

SOFT PRO IT