জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে

ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হচ্ছে। বুধবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল দশটায় তার বাইপাস সার্জারি শুরু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ও নিওরলজিস্ট আবু নাসার রিজভী জানান, মাউন্ট এলজাবেথ হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামি সেতুমন্ত্রীর বাইপাস সার্জারি করছেন।

তিনি জানান, ওবায়দুল কাদেরের রক্ত চাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক অবস্থাও স্থিতিশীল। কাদেরের পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

কাদেরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

প্রসঙ্গত, ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন। গত ৩ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার (৪ মার্চ) বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।

About the author

SOFT PRO IT