নারায়ণগঞ্জ সদর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এটা আমার শেষ লড়াই : এমপি শামীম ওসমান

এটা আমার শেষ লড়াই : এমপি শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ছাত্র-ছাত্রীদের রাজনীতিতে না আসার পরামর্শ দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, রাজনীতি না করেও দেশকে ভালোবাসা যায় এবং দেশের প্রতি দায়িত্ব পালন করা যায়। এই তোলারাম কলেজ থেকে আমার রাজনীতি জীবন শুরু। এখান থেকেই শেষ করতে চাই। তোমাদের সাথে নিয়ে এটা আমার শেষ লড়াই। আমি চাই তোমরা দেশকে ভালোবেসে দেশের কাজে এগিয়ে আসো। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আল্লামা ইকবাল রোডে সরকারি তোলারাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

এসময় কলেজের প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত সকল ক্লাশ থেকে স্বেচ্ছায় নারায়ণগঞ্জের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসবে এমন ২২ জন করে ছাত্র-ছাত্রীর তালিকা কলেজ কর্তৃপক্ষের কাছে চান শামীম ওসমান। এসব স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীদের সমর্থন চেয়ে তিনি বলেন, আমি আপনাদের সাথে বসতে চাই। আপনাদের দ্বারা পরিচালিত হতে চাই। আপনাদের সাহসে আমি সাহসি হতে চাই। আমি চাই যে কলেজ থেকে আমার জীবন শুরু হয়েছিল, সেই কলেজের ছাত্র-ছাত্রীরা শেষ সময়ে আমাকে পরিচালিত করবে। আপনারা যেভাবে আমাকে পরিচালিত করবেন, আমি ঠিক সেভাবেই পরিচালিত হবো। কারণ আমি মনে করি আমার চেয়েও আপনার মেধা অনেক বেশি। আমার চেয়েও বেশি এ দেশকে ভালোবাসতে পারেন।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যাক্ষ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক জীবন কৃষ্ণ মোদক, সাবেক অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর শিরিন আক্তার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল, তোলারাম কলেজের ভিপি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তামিম ইসলাম জয় প্রমুখ। অনুষ্ঠানে শেষে সংসদ সদস্য শামীম ওসমান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

About the author

SOFT PRO IT