ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইলেক্ট্রিক মিস্ত্রী রহিম হত্যায় ঘাতকের মা ও খালার জামিন নামঞ্জুর

ইলেক্ট্রিক মিস্ত্রী রহিম হত্যায় ঘাতকের মা-খালার জামিন নামঞ্জুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় ইলেক্ট্রিক মিস্ত্রী আব্দুর রহিম হত্যার ঘটনায় গ্রেফতার মূল ঘাতক সাদ্দাম হোসেন আসিফের মা ও খালার জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাদের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক। জামিন শুনানির পরবর্তী দিন ৫ মার্চ ধার্য করেন।

জামিন নামঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রাকিব আমান বলেন, ইলেক্ট্রিক মিস্ত্রী আব্দুর রহিম হত্যায় গ্রেফতার মাসদাইর এলাকার মৃত আমির খসরুর স্ত্রী রিজিয়া বেগম এবং চর কাশিপুর এলাকার ফোরকান উদ্দিনের স্ত্রী সুলতানা বেগম ইতোপূর্বে হত্যায় তাদের সংশ্লিষ্টতায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালতে তাদেরকে কারাগারে প্রেরণ করেন। এদিন তাদের পক্ষে আদালতে জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, ১৭ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মাসদাইর গুদারঘাট এলাকার ফারুক ওরফে নষ্ট ফারুকের মোবাইলে ফ্লেক্সিলোডের দোকানে আব্দুর রহিম নামের ইলেক্ট্রিক মিস্ত্রীকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে তার পিতা ঈমান আলী এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রহিমের মা রিহমা বেগম বাদী হয়ে একই দিন দিবাগত রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ এদিন ভোরের দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত সাদ্দাম হোসেন আসিফকে এবং মাসদাইর থেকে তার মা রিজিয়া বেগমকে ও কাশিপুর চর নরসিংপুর থেকে সুলতানা বেগমকে গ্রেফতার করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 February 2020

ইলেক্ট্রিক মিস্ত্রী রহিম হত্যায় ঘাতকের মা ও খালার জামিন নামঞ্জুর

www.narayanganjbarta24.com