আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে অপহরণের পর নির্যাতনে আহত সেই চাল ব্যবসায়ীর মৃত্যু

আড়াইহাজারে অপহরণের পর নির্যাতনে আহত সেই চাল ব্যবসায়ীর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারের চৌধুরীপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়ায় অপহরণ করে আটকে রেখে নির্যাতনে আহত ইব্রাহিম মিয়া (২৪) ২রা জুলাই শুক্রবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে মারা গেছেন। এর আগে  গত ৩০ই জুন বুধবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উপজেলা সদরের হাজী দাইয়ানের ৬তলা ভবনের নিচ তলা থেকে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসাপাতালে ভর্তি করা হয়। ইব্রাহিম উপজেলার হাইজাদি ইউনিয়নের ইলমদী গ্রামে আব্দুল খালেকের ছেলে। সে একজন চাল ব্যবসায়ী ছিলেন।

নিহত ইব্রাহিমের ভাই কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুরে ১টার দিকে চাল কেনার জন্য উপজেলার বাজারে আসেন ইব্রাহিম। ওই সময় একই গ্রামের এনামুল ফোন দিয়ে তাকে ডেকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে উপজেলা শহরের হাজী দায়ানের ৬ তলা ভবনের নিচ তলায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। এর আগে মুখ বেঁধে তাকে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। তিনি আরো বলেন, ইব্রাহিমকে খোঁজে না পেয়ে স্বজনরা আড়াইহাজার থানায় নিখোঁজের ঘটনায় জিডি করা হয়। এরপর থেকেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইব্রাহিমকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এরই মধ্যে বুধবার সকালে কান্নার শব্দ পেয়ে ওই ভবনের লোকজন কান্নার উৎস খোঁজতে গিয়ে ইব্রাহিমকে হাত-পা বাঁধা মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হলে শুক্রবার ভোর ৫টায় ইব্রাহিম মারা যান।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইব্রাহিমকে উদ্ধার হওয়ার পর তার ভাই কাইয়ুম বাদী হয়ে এনামুল ও ফেরদৌস নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তিত করা হবে। তিনি আরো জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

About the author

SOFT PRO IT