নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আলোচিত সাত খুনের ৫ বছর আজ। ২০১৪ সালের ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল এবং ১ মে একে একে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ওই সাতজনের লাশ। পরিবারের সদস্যদের হারিয়ে স্বজনরা মানবেতর জীবনযাপন করলেও তাদের একটাই অপেক্ষা কখন কার্যকর হবে নৃশংস এ ঘটনায় উচ্চ আদালতের দেয়া রায়। সাত খুনের নৃশংসতা শুধু নারায়ণগঞ্জবাসীকেই নয় পুরো বিশ্ববাসীকেও নাড়া দিয়েছিল।
হাইকোর্টের দেয়া রায় সুপ্রীম কোর্টেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করে মামলার বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী বিউটি বলেন, উচ্চ আদালত যে রায় দিয়েছেন সেই রায় দ্রুত কার্যকর করা হোক। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু ৭ জন মানুষ নয় সাতটি পরিবারকে ধ্বংস করা হয়েছে।
২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ মামলার রায়ে প্রধান আসামি নূর হোসেন ও সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। ২০১৭ সালের ২২ আগস্ট উচ্চ আদালতের রায়ে নূর হোসেন, র্যাবের তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ১৫ জনের মৃত্যদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সম্প্রতি ১৩টি আপিল করা হয়েছে বলে জানান আপিল বিভাগের সেকশন কর্মকর্তা। তিনি বলেন, তারা আপিলে খালাস চেয়েছেন। প্রক্রিয়া শেষে আপিল শুনানির জন্য প্রস্তুত হবে।
এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জন হচ্ছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত কাউন্সিলর ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা নূর হোসেন, র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক দুই কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা, সিপাহি আবু তারিক, হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্স নায়েক বেলাল উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, আরওজি আরিফ হোসেন ও সৈনিক আল আমিন সরকার। আর আপিল করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩ জন হলেন, নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, জামাল উদ্দিন ও সেলিম।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন।
র্যাব-১১-এর তৎকালীন কিছু বিপথগামী সদস্য নূর হোসেনের কাছ থেকে আর্থিকভাবে লাভমান হয়ে তাদের নৃশসংভাবে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। পরে ৩০ এপ্রিল নজরুলসহ ৬ জন এবং পরদিন ১ মে সিরাজুল ইসলাম লিটনের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে।

