অন্যান্য নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণাকে কুপিয়ে হত্যা

আনন্দ টিভি'র পাবনা প্রতিনিধি সুবর্ণাকে কুপিয়ে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ আগষ্ট মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়। তারা সুবর্ণাকে হাতে ও মাথায় এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। সুবর্ণা নদী জেলার আটঘরিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় অনলাইন পোর্টাল দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক ও প্রকাশক।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, বাসার কলিং বেল টিপে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ডেকে বের করে। সুবর্ণা নদী গেইট খোলার সাথে সাথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা সুবর্ণাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা বলেন, প্রত্যক্ষদর্শীরা আমাদের জানিয়েছেন, ১০/১২ জন সন্ত্রাসী কয়েকটি মোটর সাইকেলে এসে তাকে কুপিয়ে দ্রুতবেগে চলে যায়। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

About the author

SOFT PRO IT