আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ

আড়াইহাজারে অবৈধ ইটভাটায় অভিযান, কিলন গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) উপজেলার শিলমান্দি ইউনিয়নের ফাউসা বাজার এলাকায় অবস্থিত ‘মেসার্স এএম ব্রিকস’ নামের ওই ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশের মারাত্মক ক্ষতি এবং বায়ুদূষণের কারণে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। অভিযানে সহায়তা করে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়।

এক্সক্যাভেটর দিয়ে কিলন ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিস পানি ঢেলে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনুমোদন ছাড়াই পরিচালিত এ ইটভাটা আশপাশের জনবসতি ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, “বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

গত ১১ ফেব্রুয়ারিও একই ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেসময় ভাটার কার্যক্রম বন্ধ করে এক লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। এরপরও অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাওয়ায় এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

About the author

SOFT PRO IT