বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইসক্রিমের প্রলোভন দেখিয়ে অটিজম শিক্ষার্থীকে ধর্ষণ

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক অটিজম শিক্ষার্থী (১৬) কে ধর্ষণের অভিযোগ উঠছে স্থানীয় বখাটে যুবকের বিরুদ্ধে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বন্দর উপজেলার মাধবপাশা এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষিতা অটিজম কিশোরীর মা শাহিদা বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩১(৪)১৯।

বন্দর থানা পুলিশ জানায়, উপজেলার ফরাজিকান্দা এলাকার তৈয়ব আলী মিয়ার প্রতিবন্ধী কিশোরী মেয়ে একই এলাকার ফরাজিকান্দা অটিজম চাইল্ড কেয়ার স্কুলে লেখাপড়া করে আসছে। প্রতিদিনের মতো বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় সে স্কুলে আসে। স্কুল চলাকালিন সময় বিকেল সাড়ে ৩টায় আইসক্রিম খাওয়ার জন্য ওই কিশোরী স্কুলের সামনে একটি দোকানে যায়। এ সময় ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার মৃত লাট মিয়ার বখাটে ছেলে জামাল (৩২) আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই অটিজম কিশোরীকে মাধবপাশা এলাকার বিলের মাঝখানে টিপু মিয়া নামের জনৈক ব্যক্তির ফাঁকা বাড়িতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ওই কিশোরী বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বিষয়টি তার অভিভাবকদের কাছে খুলে বলে। পরে তার অভিভাবকরা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। এ ব্যাপারে ধর্ষিতা অটিজম কিশোরীর মা শাহিদা বেগম বাদী হয়ে ধর্ষক জামালকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে ধর্ষণের ঘটনার পর থেকে ধর্ষক জামাল পলাতক রয়েছে।

বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ ধর্ষক জামালকে গ্রেফতারের চেষ্টা করছে।

About the author

SOFT PRO IT