নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে হাট ইজারাদারদের সাথে এসপির মতবিনিময়

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে হাট ইজারাদারদের সাথে এসপি’র মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানীর হাটে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে হাট ইজারাদারদের সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শনিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও বন্দর থানা এলাকার পশুর হাট ইজারাদারগণ উপস্থিত ছিলেন। সভায় হাট ইজারাদারগণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে তাদের মতামত প্রদান করেন।

সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার পশুর হাটে রাস্তা বা নৌ-পথ দিয়ে যাওয়া কোন পশুবাহী ট্রাক বা নৌকা জোরপূর্বক টানাটানি না করার ব্যাপারে কঠোর নির্দেশ প্রদান করেন। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্য বিধি পালনসহ সামাজিক ও দৈহিক দূরত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। হাটে মাস্ক ব্যতিত কোন ক্রেতা বা বিক্রেতা যাতে প্রবেশ ও অবস্থান না করতে পারে সে ব্যাপারে হাট ইজারাদারসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। নিরাপত্তার জন্য অর্থ বহনে সকলকে পুলিশের সহায়তা নিতে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সকল হাট ইজারাদারগণ এ ব্যাপারে তারা সর্বোচ্চ সহায়তা করবেন বলে আশ্বস্থ করেন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী হাসান এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) মো. সালেহ আহমেদ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মো. রুবেল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভা শেষে সকলের মঙ্গল কামনা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানানো হয়।

About the author

SOFT PRO IT