নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অপহরণ নয় আত্মগোপন, রবির এসআর ২৫ দিন পর উদ্ধার

অপহরণ নয় আত্মগোপন, রবি'র এসআর ২৫ দিন পর উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রবির সেলস রিপ্রেজেনটেটিভ (এসআর) মো. সাঈদ গাজী অপহরণ নয় আত্মগোপনে ছিলেন। আত্মগোপনের ২৫ দিন পর সোমবার (৩০ জুলাই) ভোরে তাকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার রায়পুরা থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়ার পর তিনি জানান, তাকে অপহরণ করা হয়নি, তিনি আত্মগোপনে ছিলেন।

এর আগে নিখোঁজের ১৮ দিন পর তাকে অপহরণ করা হয়েছে দাবি করে সদর মডেল থানায় অভিযোগ করেন তার মা হোসনে আরা। সাঈদ সদর উপজেলার শহীদনগর এলাকার আজিজ মিয়ার ভাড়টিয়া মোস্তফা গাজীর ছেলে।

জানা গেছে, আত্ম গোপনে থাকা মো. সাঈদ গাজীর কাছ থেকে রবি কোম্পানি ও কিছু মানুষ টাকা পেত। সেই টাকা দিতে না পারায় তিনি আত্মগোপনে যান।

এক পর্যায়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার জন্য সেখানে থাকা তার বন্ধু হরিদাস চন্দ্র পালের সঙ্গে যোগাযোগও করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবি কোম্পানির ডিআইটি কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিনের মতো গত ৪ জুলাই সকালে বাসা থেকে বের হন সাঈদ। ওইরাতে আর বাড়ি ফেরেননি তিনি।

পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর সব আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, মো. সাঈদ গাজী আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেছেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT