নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেছেন, কিশোরগ্যাং, মাদক, ধর্ষণ, সন্ত্রাসি প্রতিরোধে পরিবার সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় আমার মতো ১শ এসপি দিলেও কিশোরগ্যাং কমবে না। যে ছেলে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে যখন কাউকে পায় না, তখন সে জোড় করে ধর্ষণ করে। আমরা যদি ধর্ষণ ও কিশোর গ্যাং মুক্ত করতে না পারি, এটা মহামারীতে আকার ধারণ করবে। আপনাদের সচেতন হতে হবে তাহলেই এই কিশোরগ্যাং, মাদক,ধর্ষণ, সন্ত্রাসি থাকবে না। মঙ্গলবার (৩রা নভেম্বর) বিাকলে নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ষণ প্রসঙ্গে পুলিশ সুপার আরো বলেন, গত ১০ মাসে ১০১টা ধর্ষণ মামলা রেকর্ড করছি। এর মধ্যে ৪০ জনই অবিবাহিত নারী যাদের আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিল কেউ দেখে ফেলায় ধর্ষণ মামলা দেয়া হয়েছে। এরকমই প্রায় ৮৪টা। বাকি ১৮-২০টা আছে যেগুলো ধর্ষণ হয়েছে। ওইগুলোর মধ্যে এমন একটাও নেই যাদের গ্রফতার করে আইনের কাছে দেয়া হয় নাই। কোন ধর্মে আছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার কথা? ১৮ বছরের নিচে অনেক মেয়ে আছে প্রেম করে শারীরিক সম্পর্ক করে। পুলিশ যদি জানতো কে কে প্রেম করো, তাদের গিয়ে বলতো শারীরিক সম্পর্ক কইরো না।
এসময় তিনি কিশোরগ্যাং প্রসঙ্গে বলেন, বর্তমানে যুগে ছেলেদের চুল ডুপ্লেক্সকাটিং স্টাইলিশ, দাঁড়িসহ নানা স্টাইলে চুল কাটে। তারা ডিজিটাল ডিভাইস মোবাইল নিয়ে সারাদিন কি যে দেখে বুঝি না। সমাজে যে ভালো লোক তার ছেলেও ওলট পালট। আজকাল সবার ছেলেই মাদক খায়।আবার তারাই কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে। বাবা-মা, সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজকে এগুলো দেখতে হবে। অনেকে মাশরাফির মতো দাঁড়ি কাটিং করে, তুমিতো মাশরাফির মতো এমপি ক্রিকেটার না।
ফুটপাত নারায়ণগঞ্জে একটি জাতীয় সমস্যা উল্লেখ করে মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, আমার র্পূবে যারা ছিলেন তারা সবাই ফুটপাত নিয়ে চেষ্টা করেছেন। আমিও ১০ মাস হলো ফুটপাত বন্ধ করার চেষ্টা করেছি। তবে ডিসি সাহেব, এসপি সাহেব একা পারবেন না। এখান থেকে পরিত্রাণ পেতে হলে সিটি মেয়র, সংসদ সদস্য, সাংবাদিক এর সম্মিলিত ব্যবস্থায় সবাই মিলে চাইলে বন্ধ হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল মেহিদী ইমরান সিদ্দিকী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোমন রেজা, জেলা আদালতের পিপি এড. ওয়াজেদ আলি খোকন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নাসিক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সদর মডেল থানার পরিদর্শক(তদন্ত) মোস্তাফিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ স্থানিয় অনেকে।

