নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান

অনেকটাই ভেঙে পড়েছি : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার হৃদয়ে অনেক রক্তক্ষরণ। আমি মানসিকভাবে সুস্থ না। অনেকটাই ভেঙে পড়েছি। কারণ আমার বাবা মা ভাই, স্বজনসহ অনেক মুক্তিযোদ্ধার কবরে শ্মশানের মাটি এনে রেখেছিল। সেই ঘটনার মানসিক যন্ত্রনা এখনো আমি ঘুচাতে পারি নাই। তাই আমার মনটা বেশী ভালো না। রাজনীতিতে আমাদের পূর্ব পুরুষদের অনেক অবদান আছে। আমরা সে হিসেবে অনেক ঠুনকো। যখন তাঁদের কবর নিয়ে এসব ঘটনা ঘটে তখন কষ্ট লাগে। সেই কষ্টের দাগ এখনো শুকায়নি। জানি না কবে শুকাবে। ঘটনার পর সিটি করপোরেশন একটা প্রেস রিলিজ দিল। কিন্তু সেখানেও মিথ্যার আশ্রয়। আমি এসব বলে আর হৃদয়ের বেদনা বাড়াতে চাই না। ৩০ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে ফতুল্লা ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময়কালে শামীম ওসমান এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি অচিরেই ফতুল্লার প্রতিটা মানুষের ঘরে ঘরে যাবো। যেভাবে আমি ভোটের আগে গিয়েছিলাম। এবার যাবো মানুষকে জাগাতে। এলাকাভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করতে।

তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান মেম্বারদের নিয়ে অচিরেই একটি বৈঠক করবো। সেখানে সবাই খাবো। তার পর থেকেই আমরা মাঠে নামবো। মানুষের ঘরে ঘরে দুয়ারে গিয়ে আহবান জানাবো নিজেরা জাগ্রত হোন। পাড়া মহল্লার পরিবেশ পরিবর্তন ঘটিয়ে দিতে হবে। যাতে মানুষ রাত ২টার সময়েও বাড়ির বাইরে গিয়ে নিরাপদ বোধ করে। মা বোনেরা যেন এলাকাতে নিরাপদে থাকে। আর আমি চাই এমন কিছু করে যেতে, যাতে মানুষ মৃত্যুর পর অন্তত চোখের পানি ফেলে।

মতবিনিময়কালে ফতুল্লা ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বার ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT