ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জের ফতুল্লার একই পরিবারের তিন সদস্যের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বাদ জোহর ফতুল্লার পোস্ট অফিস সংলগ্ন শাহজাহান রোলিং মিলের পাশের বায়তুল নাজাত জামে মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাপা ইদ্রাকপুর কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
নিহতরা হলেন— ফারিহা কবির (৩৩), তাঁর ছোট ভাই নাফিস তেহামি (২৬) এবং ফারিহার সাড়ে ছয় বছর বয়সী ছেলে ফাইজান নূর। একসঙ্গে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায় নেমে এসেছে।
নিহতদের স্বজনেরা জানান, নাফিস তেহামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার্স ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। ফারিহা কবির স্বামী ও সন্তানকে নিয়ে চুয়াডাঙ্গায় বসবাস করতেন। তাঁর ছেলে ফাইজান নূর চুয়াডাঙ্গার ‘প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ’-এর কেজি-টু শ্রেণির শিক্ষার্থী ছিল।