রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ সংবাদদাতা ) : পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোবারক হোসেন মোল্লাকে (৪৫) কুপিয়ে জখম করেছে। গত ২৮অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে পূর্বাচল উপশহরের ৩নম্বর সেক্টরের তার মালিকানাধীন বালুর গদি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুতিয়াবো বকুলের বাড়ির পাশে তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।
পুলিশ জানায়, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের সদস্য শফি উদ্দিন মোল্লার ছেলে ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ব্যবসায়ী মোবারক হোসেন মোল্লা বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা গত ২৮অক্টোবর বুধবার রাতে হামলা চালায়। পূর্ব পরিকল্পিতভাবে ২০/২২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, চাপাতি, লোহার রড ও হকিস্টিকসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মোবারক হোসেন মোল্লার উপর হামলা চালায়। হামলাকারীরা মোবারক হোসেন মোল্লার মাথায়, হাত-পা, বুকে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা তার মোটরসাইকেল ভাংচুর করে সঙ্গে থাকা নগদ ২লক্ষ ৫০হাজার টাকা লুটে নেয়। একপর্যায়ে মোবারক হোসেন মোল্লার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোবারক হোসেন মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এব্যাপারে মোবারক হোসেন মোল্লার বাবা ও রূপগঞ্জ ইউপি সদস্য শফি উদ্দিন মোল্লা বাদী হয়ে গুতিয়াবো গ্রামের সবুজ মিয়া (৩৮), কাইয়ুম মিয়া (২২), ফাহিম মিয়া (২৩), হাসান জামিল (২০), রহিম মিয়া (২২), নাদিম মিয়া (২৪), মোরছালিন (২২), আতিকুর রহমান (২৪), হৃদয় মিয়া (২১) ও ফারুক মিয়া(৪০) সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।